ঝাল চাপটি
রেসিপি ও ছবিঃ সায়মা সুলতানা
উপকরণঃ চাল বাটা ১ কাপ
পেঁয়াজ কুচি ৪ টে চামচ
কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
ধনেপাতা কুচি ২ টে চামচ
আদা মিহি কুচি ১ চা চামচ
হলুদ গুঁড়া (হাফ চা চামচ) ½ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
পানি (গোলা তৈরির জন্য) পরিমাণমতো
তেল (তাওয়ায় ব্রাশ করার জন্য) সামান্য
তৈরি করার নিয়মঃ প্রথমে বড় বাটিতে চাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, মিহি আদা কুচি, হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ একসাথে নিন। সামান্য পানি যোগ করে সব উপকরণ মেখে একটি গোলা তৈরি করে নিন (খেয়াল রাখবেন গোলাটি ঘন হবে। তবে খুব বেশি পাতলা বা শক্ত হবে না)।
চুলায় একটি তাওয়া বসিয়ে সামান্য তেল মেখে ভালো করে গরম করে নিন। তাওয়া গরম হলে মাখিয়ে রাখা গোলা দিয়ে হাত বা চামচের সাহায্যে তাওয়ার চারপাশে পাতলা করে ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাঝারি আঁচে হতে দিন।
কিছু সময় পর ঢাকনা তুলে চাপটি উল্টে দিন এবং অপর পাশও আরও কিছুক্ষন সেঁকে নিন। পিঠার দুই পাশ সুন্দর লালচে ও মুচমুচে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন। বাটা চালের বদলে শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে চাইলে সামান্য কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন, এতে পিঠা নরম ও সুন্দর হবে।














