লেমন রাইস
রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন
উপকরণঃ বাসমতী চাল ২ কাপ
লেবুর রস ৪ টে চামচ
লেবুর (গ্রেট করা ও খোসা কুচি) ১ চা চামচ
কাজু বাদাম ৭–৮ টি
শুকনা মরিচ (মাঝখান থেকে চেরা) ৩–৪ টি
বাটার, গাওয়া ঘি বা সরিষার তেল ৪ টে চামচ
লবণ পরিমাণমতো
মসলা ও সুবাসি উপকরণঃ পেঁয়াজ কুচি আধা কাপ কাপ
রসুন মিহি কুচি ১ টে চামচ
ধনেপাতা কুচি ২ টে চামচ
হলুদ গুঁড়া সামান্য
হলুদ ফুড কালার (ঐচ্ছিক) ১ ফোটা
রান্না করার নিয়মঃ প্রথমে বাসমতী চাল ভালো করে ধুয়ে ফুটন্ত পানিতে সামান্য সরিষার তেল ও লবণ দিয়ে ৮০% সেদ্ধ করে নিন (পানিতে তেল দিলে চাল একটির সাথে আরেকটি লেগে যায় না এবং ভাত খুব ঝরঝরে হয়)। চাল সেদ্ধ হয়ে এলে ফ্যান বা পানি ঝরিয়ে নিয়ে একটি ছড়ানো পাত্রে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিন।
একটি কড়াইতে বাটার, গাওয়া ঘি বা সরিষার তেল গরম করে নিন। সরিষার তেল গরম হলে এতে মিহি রসুনের কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী রঙ করে ভেজে নিন। এবার চেরা শুকনা মরিচ, কাজু বাদাম ও সামান্য হলুদ গুঁড়া যোগ করে মাঝারি আঁচে হালকা ভেজে নিন।
কড়াইতে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা বাসমতী চাল ঢেলে দিন। মাঝারি আঁচে সব উপকরণের সাথে চাল কয়েক মিনিট নেড়েচেড়ে হালকা ভেজে নিন। এবার এতে ফ্রেশ লেবুর রস, গ্রেট করা লেবুর খোসা ও ফুড কালার (ইচ্ছা হলে) দিয়ে আলতো হাতে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। নামানোর ঠিক আগে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ সুবাসিত ও ঝরঝরে লেমন রাইস।














