ভাপা ক্ষীর পুলি
রেসিপি ও ছবিঃ আনার সোহেল
উপকরণঃ
কাই বা খামিরের উপকরণঃ চালের গুঁড়া ১ কাপ
পানি ২ কাপ
লবণ স্বাদমতো
পুর বা ক্ষীরের উপকরণঃ ঘন দুধ ২ কাপ
পোলাও চাল (ভিজিয়ে রেখে আধভাঙা বা গুঁড়া করে নেওয়া) ২ টে চামচ
চিনি বা খেজুরের গুড় স্বাদমতো
এলাচ গুঁড়া ¼ চা চামচ
ভাপ দেওয়া ও পরিবেশনের উপকরণঃ সরিষার তেল (চালনিতে ব্রাশ করার জন্য) সামান্য
দুধের সিরা (ঐচ্ছিক) প্রয়োজনমতো
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে ২ কাপ পানি ও স্বাদমতো লবণ দিয়ে চুলায় ফুটতে দিন। তারপর পানিতে ভালো করে বলক উঠলে চালের গুঁড়া দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। চুলার আঁচ একদম কমিয়ে পাত্রটি ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে রাখুন। ৫ মিনিট পর কাই তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন। হাতে সামান্য কুসুম গরম পানি লাগিয়ে কাই বা খামিরটি খুব ভালো করে ছেনে মসৃণ করে মথে নিন।
অন্য একটি পাত্রে ২ কাপ ঘন দুধের সাথে চিনি বা গুড় মিশিয়ে চুলায় জ্বাল দিন। দুধ ফুটে উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা আধভাঙা পোলাও চাল ও এলাচ গুঁড়া দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন যেন পাত্রের তলায় লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে দুধ ঘন ও ক্ষীরের মতো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন (ঠান্ডা হলে ক্ষীর আরও ঘন হয়ে যাবে)।
মথে নেওয়া খামির থেকে ছোট ছোট লেচি কেটে সামান্য মোটা করে ছোট রুটি বেলে নিন। রুটির মাঝখানে পরিমাণমতো ঠান্ডা ক্ষীরের পুর দিন। এবার রুটিটি ভাজ করে নিয়ে ধারের অংশ একপাশ থেকে আলতো করে মুড়ে নারকেল পুলির মতো সুন্দর বেণী আকৃতি বানিয়ে নিন। এভাবে সবগুলো ক্ষীর পুলি পিঠা বানিয়ে ফেলুন।
চুলায় একটি বড় পাতিলে পরিমাণমতো পানি দিয়ে ফুটতে দিন। পাতিলের ওপর একটি ছিদ্রযুক্ত স্টিলের চালনি বসিয়ে তাতে সামান্য তেল মেখে নিন। চালনির ওপর বানিয়ে রাখা পিঠাগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট ভাপে সেদ্ধ করে নিন। পিঠা সেদ্ধ হয়ে এলে সাবধানে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও তুলতুলে ভাপা ক্ষীর পুলি।















