ক্রিমি দই পুডিং
রেসিপি ও ছবিঃ আনার সোহেল
উপকরণঃ ডিম ৪ টি
দই (পানি ঝরানো) ১ কাপ
কনডেন্সড মিল্ক বা চিনি (চিনি ব্যবহার করলে ½ কাপ বা স্বাদ অনুযায়ী) ১ কাপ
ঘন দুধ (১ কাপ পানিতে ৪ টে চামচ গুঁড়া দুধ গুলে নেওয়া অথবা এভাপোরেট মিল্ক) ১ কাপ
পাত্র প্রস্তুতকরণের উপকরণঃ গাওয়া ঘি (পাত্রে ব্রাশ করার জন্য) ২ চা চামচ
চিনি (ক্যারামেল করতে চাইলে, ঐচ্ছিক) ২ টে চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডারের জগে ডিম, পানি ঝরানো দই, কনডেন্সড মিল্ক বা চিনি এবং ঘন দুধ একসাথে নিয়ে ৩–৪ মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে একটি মসৃণ মিশ্রণ তৈরি করে নিন। সাদা পুডিং করতে চাইলে পুডিং পাত্রের চারপাশে ২ চা চামচ ঘি ভালো করে মাখিয়ে নিন। আর যদি ক্যারামেল পুডিং করতে চান। তাহলে পুডিং পাত্রে ২ টে চামচ চিনি দিয়ে চুলার একদম অল্প আঁচে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে হালকা সোনালী ক্যারামেল করে নিন। এরপর নামিয়ে গাওয়া ঘি মাখিয়ে নিন। তৈরি করা ডিম-দইয়ের মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিং পাত্রে ঢেলে দিন এবং ঢাকনা দিয়ে পাত্রটি ভালো করে আটকে দিন।
** ওভেন ও চুলার মাধ্যমে “ক্রিমি দই পুডিং” তৈরি করতে পারবেন। নিম্নে দুইটি নিয়মই দেওয়া হল।
ওভেন পদ্ধতিঃ প্রথমে ওভেন ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট প্রি-হিট করুন। তারপর ওভেনের বেকিং ট্রেতে ১ কাপ গরম পানি দিয়ে তার ওপর ঢাকনাসহ পুডিং পাত্রটি বসান। ট্রেটি সাবধানে ওভেনে দিয়ে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৪০–৪৫ মিনিট বেক করে নিন।
চুলা পদ্ধতিঃ প্রথমে বড় পাতিলে স্ট্যান্ড বসিয়ে তলানিতে পরিমাণমতো পানি দিন। স্ট্যান্ডের ওপর ঢাকনাসহ পুডিং পাত্রটি বসিয়ে দিন এবং ওপরে একটি ভারী কিছু দিয়ে চাপা দিন যেন ঢাকনা সরে না যায়। চুলার মাঝারি আঁচে ২০–২৫ মিনিট ভাপে সিদ্ধ হতে দিন।
রান্না শেষ হলে ৫ মিনিট পর ওভেন বা চুলা থেকে পুডিং পাত্রটি বের করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে এলে পাত্রটি অন্তত ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন যেন পুডিং খুব ভালোভাবে সেট হয়। ফ্রিজ থেকে বের করে একটি প্লেটে আলতো করে পাত্রটি উল্টে পুডিং ঢেলে নিন। এবার পছন্দমতো স্লাইস করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ সুস্বাদু ও ক্রিমি দই পুডিং।














