কাবাব পরোটা রোল
রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন
উপকরণঃ
কাবাবের উপকরণঃ মুরগির মাংস (হাড় ছাড়া ও ২ ইঞ্চি কিউব করে কাটা) ৩০০ গ্রাম
মাখন ৪ চা চামচ
লেবুর রস ২ টে চামচ
ধনেপাতা কুচি ১ মুঠো
চাট মসলা গুঁড়া এক-চতুর্থাংশ চা চামচ
পেঁয়াজ (মোটা কুচি) ১ কাপ
কাঁচামরিচ ১ টি (কুচি)
লবণ স্বাদ অনুযায়ী
মাংস মেরিনেশনের উপকরণঃ আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
টক দই আধা কাপ
ধনে গুঁড়া ½ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
গরম মশলা গুঁড়া ½ চা চামচ
গোলমরিচ গুঁড়া ½ চা চামচ
লেবুর রস ১ টে চামচ
তেল ২ চা চামচ
টমেটো সস বা পিউরি ২ টে চামচ
সয়া সস ২ টে চামচ
চাটনি সসের উপকরণঃ মেয়োনিজ ৪ টে চামচ
পুদিনা পাতা বাটা ১ মুঠো
ধনেপাতা বাটা ১ মুঠো
কাঁচামরিচ ২–৩ টি
রসুন কোয়া ২–৩ টি
চিনি সামান্য
লবণ পরিমাণমতো
রোল ও সাজানোর উপকরণঃ পরোটা ৪ টি
ঘি পরিমাণমতো (পরোটা ভাজার জন্য)
সবজি কুচি (জুলিয়ান কাট) পরিমাণমতো (শসা, গাজর, ক্যাপসিকাম ও পেঁয়াজ)
তৈরি করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডারের জারে মেয়োনিজ, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, সামান্য চিনি ও লবণ একসাথে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মসৃণ ও সবুজ চাটনি সস তৈরি হলে একটি বাটিতে তুলে রাখুন।
হাড়ছাড়া মুরগির মাংস কিউব আকারে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মেরিনেশনের সমস্ত উপাদান একসাথে মিশিয়ে মাংসের সাথে ভালো করে মেখে ঢেকে অন্তত ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ২ ঘণ্টা পর ফ্রাইপ্যানে মাখন গরম করে মেরিনেট করা মাংস দিয়ে কিছুটা সময় ভেজে নিন। এরপর এতে মোটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর রস ও চাট মসলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে পাত্রটি ঢেকে দিন। মাঝারি আঁচে নেড়েচেড়ে মাংস সিদ্ধ হওয়া ও সুন্দর পোড়া-পোড়া রঙ আসা পর্যন্ত ভেজে চুলা থেকে নামিয়ে নিন।
অন্য একটি তাওয়ায় ঘি গরম করে পরোটাগুলো উল্টে-পাল্টে সুন্দর সোনালী ও মচমচে করে ভেজে নিন। একটি ভাজা পরোটা সমতল স্থানে বিছিয়ে তার ঠিক মাঝ বরাবর সারিবদ্ধভাবে রান্না করা চিকেন কাবাব সাজিয়ে দিন। ওপর থেকে জুলিয়ান কাট করে রাখা সতেজ সবজি (শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ) বিছিয়ে দিন। পরিমাণমতো বানিয়ে রাখা সবুজ চাটনি সস ওপর থেকে ছড়িয়ে দিন। পরোটাটি দুই পাশ থেকে টেনে এনে রোল করে নিন (প্রয়োজনে বাটার পেপার দিয়ে মুড়িয়ে বা টুথপিক গেঁথে দিন)। তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় ও চটপটা কাবাব পরোটা রোল।














