আলুর দম
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ছোট আলু ৪০০ গ্রাম
কালোজিরা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
টমেটো পিউরি (মাঝারি আকারের টমেটো) ২ টি
লাল মরিচ গুঁড়া (সামান্য পানিতে গোলা) ১ চা চামচ
জিরা গুঁড়া ¼ চা চামচ
সরিষার তেল (ভাজা ও কষানোর জন্য) পরিমাণমতো
লবণ স্বাদমতো
রান্না করার নিয়মঃ প্রথমে ছোট আলুগুলো ভালো করে ধুয়ে সামান্য লবণ-পানিতে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে আলুর খোসা ছাড়িয়ে নিন।
কড়াইয়ে তেল গরম করে খোসা ছাড়ানো আলুগুলো হালকা লালচে/সোনালী করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ের তেলের মধ্যে ১ চা চামচ কালোজিরা ফোঁড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর সুবাস বের হলে এতে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে ধিমে আঁচে কষাতে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে টমেটো পিউরি যোগ করুন এবং তেল ওপরে ভেসে ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিন।
এবার আগে থেকে পানিতে গুলে রাখা লাল মরিচের মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন এবং ভালো করে নাড়ুন। মসলা কষে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। মসলার সাথে আলু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিন যেন সব মসলা আলুর গায়ে মাখামাখা হয়ে যায়। মাঝারি-কম আঁচে পানি শুকিয়ে গ্রেভি গা-মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করুন। সবশেষে ওপর থেকে টেলে নেওয়া জিরা গুঁড়ো ছড়িয়ে আলতো করে নেড়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চাটপাটা আলুর দম।










