ব্রেড এগ মাসালা
রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন
উপকরণঃ পাউরুটি ৪ টুকরা
ডিম ২ টি
টমেটো ও ক্যাপসিকাম (ছোট কিউব করে কাটা) ½ কাপ
পেঁয়াজ (ছোট কিউব করে কাটা) ২ টে চামচ
রসুন মিহি কুচি ১ চা চামচ
বাটার বা তেল ৪ টে চামচ
ধনেপাতা কুচি ২ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
সস ও মসলাপাতির উপকরণঃ টমেটো সস ১ টে চামচ
চিলি সস ১ টে চামচ
চাট মসলা আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
রান্না করার নিয়মঃ পাউরুটিগুলোর চারপাশের শক্ত অংশ কেটে বাদ দিন। ভেতরের নরম অংশ আধা ইঞ্চি স্কয়ার বা চারকোণা ছোট ছোট টুকরা করে কেটে নিন। প্যানে ১ টে চামচ বাটার দিয়ে পাউরুটির টুকরাগুলো হালকা মচমচে (টোস্ট) করে ভেজে তুলে রাখুন।
অন্য একটি প্যানে বাকি বাটার বা তেল গরম করে মিহি রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। প্যানে ডিম ভেঙে দিয়ে পেঁয়াজ-রসুনের সাথে ভালো করে নেড়ে স্ক্র্যাম্বল (ঝুরি) করে নিন এবং সামান্য লবণ যোগ করুন। কিউব করে কাটা টমেটো ও ক্যাপসিকাম দিয়ে মাঝারি আঁচে ২ মিনিট হালকা ভেজে নিন।
এতে টমেটো সস, চিলি সস, চাট মসলা ও গোলমরিচ গুঁড়া একে একে দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিন। মসলা মাখামাখা হয়ে এলে আগে থেকে টোস্ট করে রাখা পাউরুটির টুকরাগুলো দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দ্রুত হাতে পাউরুটি মসলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিন। পাউরুটি দেওয়ার পর চুলায় বেশি সময় রাখবেন না; এতে পাউরুটির মচমচে বা ক্রিস্পি ভাব নষ্ট হয়ে যেতে পারে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ চটপটা ও মুখরোচক ব্রেড এগ মাসালা।














