টেংরা মাছে পালং শাকের ঝোল
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ পালং শাক ২৫০ গ্রাম
টেংরা মাছ ১০০ গ্রাম
পেঁয়াজ কুচি ½ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চিমটি
কাঁচামরিচ (ফালি করা) ৪টি
সরিষার তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো
রান্না করার নিয়মঃ প্রথমে টেংরা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। পালং শাক ধুয়ে পানি ঝরিয়ে মাঝারি টুকরো করে কেটে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় ৫ মিনিট নেড়েচেড়ে পেঁয়াজ নরম ও হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, কাঁচামরিচ ফালি ও স্বাদমতো লবণ যোগ করুন। সামান্য একটু পানি দিয়ে মসলাটি আরও ২ মিনিট ভালোভাবে নেড়ে কষিয়ে নিন। মসলা থেকে তেল ভেসে উঠলে পরিষ্কার করে রাখা টেংরা মাছগুলো দিয়ে দিন। আলতো হাতে মসলার সাথে মাছ কষিয়ে নিন যেন মাছ ভেঙে না যায়।
মাছ কিছুটা কষানো হলে কেটে রাখা পালং শাক দিয়ে দিন এবং মসলা ও মাছের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার রান্নায় ১ কাপের মতো পানি যোগ করুন। কড়াই ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিন। ঝোল ফুটে পানি শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে এলে এবং শাক ও মাছ সেদ্ধ হয়ে মাখামাখা হলে লবণ চেক করে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল পুষ্টিকর ও সুস্বাদু টেংরা মাছে পালং শাকের ঝোল।










