লোনা ইলিশ দিয়ে কলার মোচা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ কলার মোচা ১টি
লোনা ইলিশ ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি ¼ (সিকি) কাপ
হলুদ গুঁড়া ½ চা চামচ
আদা বাটা ½ চা চামচ
রসুন বাটা ½ চা চামচ
কাঁচামরিচ (ফালি করা) ২–৩ টি
সরিষার তেল ২ টে চামচ
ঘি ½ চা চামচ (ঐচ্ছিক)
লবণ স্বাদমতো
রান্না করার নিয়মঃ প্রথমে কলার মোচা থেকে ফুলগুলো আলাদা করে নিন। প্রতিটি ফুলের ভেতরের শক্ত শলাকার মতো সাদা অংশটি (দিয়াশলাই কাঠির মতো অংশ) ও পাতলা আবরণটি ফেলে দিন। ফুলগুলো ভালো করে ধুয়ে সামান্য লবণ-পানিতে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন (যাতে কষ বের হয়ে যায়)।
এবার লোনা ইলিশ গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর কাঁটা বেছে বা পাটায় সামান্য থেঁতো/বাটা করে নিন। কড়াইয়ে সামান্য তেল, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে প্রস্তুত করা লোনা ইলিশ হালকা ভেজে একপাশে তুলে রাখুন।
চুলায় পাত্র রেখে লবণ-পানিতে ভেজানো মোচার ফুলগুলো তুলে আদা বাটা, রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিন। সেদ্ধ করা ফুলগুলো পাটায় বেটে বা মিহি করে নিন। (চাইলে ছোট ছোট করে কুচিয়ে ভাজির মতো করেও সেদ্ধ করে নেওয়া যায়।)
কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। তারপর বাটা মোচা দিয়ে সামান্য নেড়ে কষিয়ে নিন। ভেজে রাখা লোনা ইলিশ, কাঁচামরিচ ফালি ও প্রয়োজন হলে সামান্য লবণ দিন। (মনে রাখবেন, লোনা ইলিশে আগের থেকেই লবণ থাকে। তাই লবণ দেওয়ার সময় সতর্ক থাকুন)। মাঝারি আঁচে অনবরত নেড়ে নেড়ে ভালো করে ভাজতে থাকুন,। যেন মোচার ভেতরের অতিরিক্ত পানি সম্পূর্ণ শুকিয়ে মাখামাখা হয়ে যায়। নামানোর ঠিক আগে উপর থেকে ½ চা চামচ ঘি ছড়িয়ে হালকা নেড়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লোনা ইলিশ দিয়ে কলার মোচা।










