বাগড়ির
রেসিপি ও ছবিঃ আনার সোহেল
উপকরণঃ সুজি ১ কাপ
ময়দা ¼ কাপ
ইনস্ট্যান্ট ইস্ট ½ চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
চিনি (ঐচ্ছিক) ১ চা চামচ
লবণ ¼ চা চামচ
পানি (কুসুম গরম) বা দুধ ১ ⅓ কাপ থেকে ১ ½ কাপ (প্রয়োজন অনুযায়ী)
তৈরি করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডার জগে ময়দা, সুজি, ইনস্ট্যান্ট ইস্ট, বেকিং পাউডার, চিনি, লবণ এবং কুসুম গরম পানি বা দুধ একসাথে নিয়ে নিন। তারপর ২–৩ মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নিন যেন সব উপাদান মসৃণভাবে মিশে যায়। ব্যাটারের ঘনত্ব চিতই পিঠার গোলার মতো হবে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। প্রয়োজন মনে হলে আরও সামান্য পানি যোগ করে ব্লেন্ড করে নিতে পারেন। ব্যাটারটি আলাদা করে রেস্টে বা রেখে দেওয়ার প্রয়োজন নেই। ব্লেন্ড করার সাথে সাথেই পিঠা বানানো শুরু করা যায়।
একটি নন-স্টিক ফ্রাইপ্যান চুলায় মাঝারি আঁচে ভালো করে গরম করে নিন। প্যান গরম হয়ে এলে চুলার আঁচ মাঝারি থেকে সামান্য কম রেখে দিন। একটি গোল বড় ডালের চামচে ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে ঢেলে দিন (ব্যাটার ছড়ানোর প্রয়োজন নেই। নিজ থেকেই গোল আকৃতি নেবে)। ২–৩ মিনিটের মধ্যেই পিঠার ওপরের অংশে অসংখ্য ছোট ছোট ছিদ্র ফুটে উঠবে এবং ভেজা কাঁচা ভাব দূর হয়ে যাবে। ওপরে সুন্দর ছিদ্র হলে এবং নিচটা সেদ্ধ হয়ে এলে পিঠাটি তুলে নিন (এই পিঠা উল্টানোর প্রয়োজন হয় না। শুধু এক পাশেই সেদ্ধ করা হয়)। প্রতিবার প্যানে ব্যাটার দেওয়ার আগে পাত্রে থাকা গোলাটি ভালো করে নেড়ে নিবেন। এভাবে সবগুলো বাগড়ির পিঠা বানিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল তুলতুলে ও ছিদ্রযুক্ত ঐতিহ্যবাহী বাগড়ির। গরম-গরম অবস্থায় তরল ঝোলা গুড়, খাঁটি মধু, গলানো মাখন কিংবা সুস্বাদু মাংসের ঝোলের সাথে পরিবেশন করুন।
















