চিকেন শর্মা
রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন
উপকরণঃ পিটা ব্রেড বা শর্মা রুটি ৪ পিস
মুরগি (বুকের মাংস, হাড়ছাড়া ও লম্বা-পাতলা করে কাটা) ২ কাপ
শর্মা সস ১ কাপ
সবজি কুচি (ক্যাপসিকাম, গাজর, শসা, লেটুস, বেবি কর্ন বা বাঁধাকপি ও জুলিয়ান কাট) ২ কাপ
তেল ৪ টে চামচ (মাংস ভাজার জন্য)
মুরগি মেরিনেশনের জন্য
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া ½ চা চামচ (আধা চা চামচ)
গরম মশলা গুঁড়া ½ চা চামচ
জিরা গুঁড়া ½ চা চামচ
সয়া সস ১ চা চামচ
টমেটো সস ১ চা চামচ
চিলি সস ১ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
তৈরি করার নিয়মঃ প্রথমে মুরগি টুকরাগুলো পাতলা ও লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর মেরিনেশনের জন্য রাখা সমস্ত মসলা ও সস দিয়ে মাংস খুব ভালোভাবে মেখে ১ ঘণ্টা রেখে দিন। ১ ঘণ্টা পর প্যানে ৪ টে চামচ তেল গরম করে মেরিনেট করা মাংস দিয়ে দিন। চুলার আঁচ কম রেখে ঢেকে দিয়ে উল্টে-পাল্টে মাংস সোনালী-বাদামী করে ভেজে তুলে রাখুন।
এবার পিটা ব্রেড বা শর্মা রুটিগুলো তাওয়ায় হালকা ছেঁকে নিন (রেডিমেড বা ঘরে তৈরি যেকোনো শর্মা রুটি ব্যবহার করতে পারেন)। একটি প্লেটে একটি ছেঁকে নেওয়া রুটি বিছিয়ে তার ওপর ছড়িয়ে শর্মা সস মাখিয়ে নিন। রুটির ঠিক মাঝ বরাবর লম্বা করে কাটা সবজি ও ভেজে রাখা চিকেন সাজিয়ে দিন। ওপর থেকে আবার পছন্দমতো শর্মা সস ছড়িয়ে দিন।
এবার রুটির দুই পাশ থেকে টেনে এনে মাঝখানে পেঁচিয়ে একটি সুন্দর রোলের আকার দিন। রোলটি আটকে রাখার জন্য একটি টুথপিক দিয়ে মাঝখানে গেঁথে দিন (অথবা বাটার পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন)। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও জুসি চিকেন শর্মা।














