চায়না গ্রাস ম্যাঙ্গো পুডিং
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ ডাবের পানি ২ কাপ
পানি (সাধারণ) ২ কাপ
পাকা আম (লম্বা স্লাইস করে কাটা বা প্রয়োজন মতো) ১/২ কাপ
ব্লুবেরি ১/২ কাপ (আপনার পছন্দ মতো)
কিউই ১/২ কাপ (ছোট টুকরো করে কাটা বা প্রয়োজনমতো)
চিনি স্বাদ মতো
চায়না গ্রাস ১০ গ্রাম
তৈরি করার নিয়মঃ প্রথমে পাকা আম লম্বা স্লাইস করে কেটে নিন এবং কিউই ছোট টুকরো করে নিন। তারপর পুডিং বাটি বা গভীর ছড়ানো প্লেটে আমের স্লাইস, ব্লুবেরি এবং কিউই সুন্দর করে সাজিয়ে একপাশে রেখে দিন। অন্য পাত্রে চায়না গ্রাস ১/৪ কাপ পানিতে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। যাতে এটি পুরোপুরি নরম হয়ে যায়। একটি পাত্রে সাধারণ পানি, ডাবের পানি, চিনি এবং আগে থেকে ভিজিয়ে রাখা নরম চায়না গ্রাস একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার পাত্রটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন।
চায়না গ্রাস গলতে শুরু করলেই সাথে সাথে পাত্রটি চুলা থেকে নামিয়ে নিন (বেশি সময় জ্বাল দিলে এটি ফেটে বা ছানা কেটে যেতে পারে)। গরম থাকা অবস্থাতেই মিশ্রণটি আগে থেকে ফল সাজিয়ে রাখা প্লেট বা বাটির ওপর সাবধানে ঢেলে দিন। মিশ্রণটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে কিছুটা ঠান্ডা হতে দিন। বাটিটি ফ্রিজে (নরমাল ফ্রিজ বা ফ্রিজারে কিছুক্ষণের জন্য) রেখে পুরোপুরি জমিয়ে নিন। পরিবেশন করার আগে ফ্রিজ থেকে বের করে একটি ফ্ল্যাট প্লেটে পুডিংটি উল্টে নিন। এবার আপনার পছন্দমতো ছোট ছোট টুকরো করে কেটে ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন চমৎকার চায়না গ্রাস ম্যাঙ্গো পুডিং।









