কচি মুলা দিয়ে টাটকিনি মাছের চচ্চড়ি
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ কচি ছোট মুলা ১০–১২ টি
টাটকিনি মাছ (বা মিক্সড ছোট মাছ) ৩০০ গ্রাম
পেঁয়াজ বাটা ২ টে চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ½ চা চামচ
লাল মরিচ গুঁড়া (স্বাদ অনুযায়ী) ½ চা চামচ
ধনিয়া গুঁড়া ⅓ চা চামচ
জিরা গুঁড়া / আস্ত জিরা ⅓ চা চামচ
কাঁচামরিচ ২–৩ টি (ফালি করা)
ধনেপাতা কুচি ১ টে চামচ
চিনি (স্বাদ ব্যালেন্সের জন্য) ১ চিমটি
সরিষার তেল ৩ টে চামচ
লবণ স্বাদমতো
রান্না করার নিয়মঃ প্রথমে ছোট ছোট মুলাগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিন এবং গরম পানিতে ৫ মিনিট ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। (ভাপিয়ে নিলে মুলার তীব্র গন্ধ দূর হয়ে যায়)। টাটকিনি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন। মাছে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে কড়াইয়ে হালকা করে ভেজে তুলে রাখুন।
এবার কড়াইয়ের বাকি তেলে পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিটের মতো কষিয়ে নিন। এতে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে দিন। সামান্য পানি যোগ করে মসলাটি তেল ওপরে ভেসে ওঠা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিন।
কষানো মসলার মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা মুলা দিয়ে ভালো করে নেড়ে মসলার সাথে মিশিয়ে নিন। ১ কাপের মতো পানি দিন এবং পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ঝোল ফুটে উঠলে হালকা ভেজে রাখা মাছগুলো বিছিয়ে দিন। ঝোল কমে মাখামাখা হয়ে এলে কাঁচামরিচ ফালি ও ১ চিমটি চিনি দিয়ে আলতো করে নেড়ে মিশিয়ে নিন। এ পর্যায়ে লবণ চেক করে প্রয়োজন হলে সামান্য দিতে পারেন। সবশেষে ওপর থেকে তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের কচি মুলা দিয়ে টাটকিনি মাছ।










