ইলিশের লেজ দিয়ে আলু ভর্তা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশের লেজ (সামান্য হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভেজে নেওয়া) ২ টি
আলু (সেদ্ধ করা) ৪ টি
পেঁয়াজ (কুচানো) ২ টি
শুকনা মরিচ ৩ টি
ধনেপাতা কুচি ১ টে চামচ
সরিষার তেল ১ টে চামচ
হলুদ গুঁড়া (মাছ ভাজার জন্য) সামান্য
লাল মরিচ গুঁড়া (মাছ ভাজার জন্য) সামান্য
লবণ স্বাদমতো
তৈরি করার নিয়মঃ প্রথমে সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে মসৃণ করে চটকে নিন। ইলিশের লেজ দুটো সামান্য হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও লবণ মেখে মচমচে করে ভেজে তুলে রাখুন। ভাজা মাছ ঠান্ডা হলে যত্ন সহকারে ভেতরের বড় ও ছোট সব কাঁটা বেছে পরিষ্কার করে নিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে কুচানো পেঁয়াজ ও শুকনা মরিচ সুন্দর লালচে-সোনালী করে ভেজে তুলে নিন।
পাত্রে ভাজা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ একসাথে হাত দিয়ে ডলে গুঁড়া করে নিন। এতে ভেজে রাখা পেঁয়াজ যোগ করে হালকা ডলে মিশিয়ে নিন। কাঁটা বেছে রাখা ইলিশ মাছ এবং সেদ্ধ আলু দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিন। এ পর্যায়ে লবণ চেখে দেখে প্রয়োজন হলে সামান্য বাড়িয়ে নিন। সবশেষে খাঁটি সরিষার তেল ও তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে পুরো মিশ্রণটি হাত দিয়ে মেখে মসৃণ ভর্তা বানিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ মুখরোচক ইলিশের লেজ দিয়ে আলু ভর্তা।










