ইলিশের লেজ দিয়ে লাউ শাক ভর্তা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ লাউ শাক (কুচানো) ২ কাপ
ইলিশের লেজ ২ টি
কাঁচামরিচ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে) ৪–৫ টি
শুকনা মরিচ ২ টি
পেঁয়াজ কুচি (বড় সাইজের) ১ টি
রসুন কুচি (কোয়া) ৪–৫
ধনেপাতা কুচি ১ টে চামচ
সরিষার তেল ২ টে চামচ
হলুদ গুঁড়া সামান্য
লাল মরিচ গুঁড়া সামান্য
লবণ স্বাদমতো
রান্না করার নিয়মঃ প্রথমে কুচানো লাউ শাক সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে চুলায় ৫ মিনিট ভাপিয়ে নিন এবং পানি ঝরিয়ে রাখুন। ইলিশের লেজ দুটো সামান্য হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন।
প্যানে তেল গরম করে ইলিশের লেজ মচমচে করে ভেজে তুলে রাখুন। ভাজা মাছ ঠান্ডা হলে যত্ন সহকারে কাঁটা বেছে পরিষ্কার করে রাখুন। মাছ ভাজার তেলের মধ্যে রসুন কুচি ও শুকনা মরিচ দিয়ে দিন। রসুন থেকে সুন্দর ঘ্রাণ বের হলে পেঁয়াজ কুচি যোগ করুন এবং পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে ভাপিয়ে রাখা লাউ শাক দিয়ে নেড়ে দিন। এরপর আস্ত বা ফালি করা কাঁচামরিচ, কাঁটা বেছে রাখা ইলিশ মাছ এবং ধনেপাতা কুচি যোগ করুন। সব উপকরণ একসাথে নেড়েচেড়ে ভালো করে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিন।
ভাজা শাক ও মাছের মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে শিল-পাটায় মিহি করে বেটে নিন। (চাইলে হাত দিয়ে চটকেও মেখে নেওয়া যায়। তবে পাটায় বাটলে ভর্তার টেক্সচার খুব মসৃণ হয়)। তৈরি হয়ে গেল দারুণ মুখরোচক ইলিশের লেজ দিয়ে লাউ শাক ভর্তা।










