চিকেন মাসালা ভেন্ডি
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ভেন্ডি (ঢ্যাঁড়শ) ২৫০ গ্রাম
চিকেন কিমা ১০০ গ্রাম
পেঁয়াজ কুচি ½ কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
হলুদ গুঁড়া ½ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
রাঁধুনি মাংসের মসলা ১ চা চামচ
টেলে নেওয়া জিরা গুঁড়া ¼ চা চামচ
কাঁচামরিচ (ফালি করা) ২–৩ টি
সরিষার তেল ২ টে চামচ
লবণ স্বাদমতো
রান্না করার নিয়মঃ প্রথমে ভেন্ডি বা ঢ্যাঁড়শগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিন। (কাটার আগে ধুলে ভেন্ডি আঠালো হয়ে যায় না)। তারপর ভেন্ডিগুলো সামান্য তেরছা বা বাঁকা করে বড় বড় টুকরো করে কেটে নিন।
এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে চিকেন কিমা যোগ করে ভাজতে থাকুন। কিমার নিজস্ব পানি শুকিয়ে এলে একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রাঁধুনি মাংসের মসলা ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।
মসলা ও কিমা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিন। মসলার সাথে ভেন্ডি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি-কম আঁচে ৫ মিনিট রান্না করুন (এই রান্নায় বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। ভেন্ডির নিজস্ব ভাপেই সেদ্ধ হয়ে যাবে)। ৫ মিনিট পর ঢাকনা তুলে মাঝে মাঝে হালকা হাতে নেড়ে রান্না করতে থাকুন। যেন ভেন্ডি ভেঙে না যায়। ভেন্ডি সেদ্ধ হয়ে মাখামাখা ও ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে কাঁচামরিচ ফালি ও টেলে নেওয়া জিরা গুঁড়ো ছড়িয়ে আলতো করে নেড়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন মাসালা ভেন্ডি।










